যমুনা নদীর পারে প্রতিষ্ঠিত নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের অন্যতম প্রতিষ্ঠান সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শনে যাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ৬৮ মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শন করবেন তিনি। এ সময় তিনি প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রীর একান্ত সচিব মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা গেছে।
সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্কের প্রকল্প পরিচালক তানবীর রহমান বলেন, মাননীয় মন্ত্রী মহোদয় প্রকল্প এলাকার পরিদর্শন এসে বৃক্ষরোপণ করবেন। এ সময় মন্ত্রী মহদোয়ের সামনে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হবে।
প্রসঙ্গত, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণে যমুনা নদীর পারে সয়দাবাদ এলাকায় ২১৪ একর জমির ওপর সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্কটি স্থাপন হয়। ২০২৪ সালের আগস্ট মাসে উৎপাদনে যায় বিদ্যুৎকেন্দ্রটি। জাতীয় গ্রীডে যোগ হয় ৬৮ মেগাওয়াট বিদ্যুৎ।
সোলার পার্কটি বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জমির বহুমাত্রিক ব্যবহারের লক্ষ্যে সোলার প্যানেলের নিচে চলছে চাষাবাদ। প্রকল্প পরিচালক তানবীর রহমান নিজ উদ্যোগে সোলার প্যানেলের নিচে পরীক্ষামূলকভাবে বিভিন্ন জাতের ফসলের চাষাবাদ এবং গবাদিপশু পালন করছেন।
