রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় ১ হাজার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত এ সহায়তার আওতায় মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়। এর মধ্যে রায়গঞ্জ উপজেলায় ৬ লাখ এবং তাড়াশ উপজেলায় ৪ লাখ টাকা দেওয়া হয়েছে।
উপজেলার ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার—তিন দিনব্যাপী দুই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।
এসময় তিনি বলেন, “অসহায় ও দুঃস্থ মানুষ ঈদের মতো উৎসবে কেউ যেন বঞ্চিত না থাকে, সে বিষয়ে বর্তমান সরকার সজাগ রয়েছে।” তিনি আরও জানান, তারেক রহমান-এর নির্দেশনায় বিশেষ দিনগুলোতে দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
শুক্রবার সকালে রায়গঞ্জে বিতরণ কার্যক্রম তদারকি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রায়গঞ্জ উপজেলায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে তাড়াশ উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। অনুষ্ঠানে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।