‘করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।
রবিবার সকালে শহরের অফিসার্স ক্লাবের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে মুক্তির সোপান থেকে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়ে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমবায়ের মাধ্যমে গরিব মানুষদের সহযোগিতা করতে হবে। সবাই মিলে সমবায়কে শক্তিশালী করে গড়ে তুলতে সমবায়ভিত্তিক কার্যক্রমের গুরুত্ব দিতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের স্বাবলম্বিতা অর্জনে সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন মন্ত্রী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসার আমাত উল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
