দৃশ্যপট ডেস্ক রিপোর্টঃ
সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোছা. শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে সিরাজগঞ্জ সদর থানার তেলকুপি গ্রামের তেলকুপি ঈদগাহ মাঠসংলগ্ন কাঠেরপুল থেকে চান্দাইকোনাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি যাত্রীবাহী বাসে করে মাদক পরিবহন করছিলেন বলে জানিয়েছে এসআরবি-১২।
গ্রেপ্তার শাহনাজ ওরফে সাইনা বেগম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মৃত ওবিরুল।
এসআরবি-১২-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়কের দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ২৯৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার নারী দীর্ঘদিন ধরে জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে বিভিন্ন যানবাহনে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২।
বুধবার (২১ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১২, সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক ও অপারেশনস অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ।
এসআরবি-১২ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat