সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে চলতি বছরের দাখিল, এসএসসি ও সমমানের পরীক্ষায় ভয়াবহ ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। জেলার ১৬টি মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের ২৪৩ জন পরীক্ষার্থীর একজনও উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪৩ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, প্রতিটি প্রতিষ্ঠানেই শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের মধ্যে সিরাজগঞ্জের আল-আমিন রহমানিয়া বি.আর. আদর্শ মহিলা মাদ্রাসায় পরীক্ষার্থী ছিল ১১ জন। কামারখন্দ উপজেলার কাজীপুরা উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) থেকে ২৫ জন এবং চরটেংরাইল আদর্শ দাখিল মাদ্রাসা থেকে দুজন পরীক্ষায় অংশ নেয়।
তাড়াশ উপজেলার সরাপপুর দাখিল মাদ্রাসা ও হামকুড়িয়া দাখিল মাদ্রাসা থেকে ১৮ জন করে পরীক্ষার্থী অংশ নেয়। রায়গঞ্জ উপজেলার বাসুদেবকোল শ্রীরামেরপাড়া দাখিল মাদ্রাসা থেকে ২৬ জন, ফরিদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৩ জন, কুটারগাঁতী দাখিল মাদ্রাসা (ভোকেশনাল) থেকে সাতজন এবং আইআর টেকনিক্যাল ইনস্টিটিউট (ভোকেশনাল) থেকে ১৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এ ছাড়া মিরের দেউলমুড়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে ১৮ জন, বিএম ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৮ জন, কয়ড়া দাখিল মাদ্রাসা থেকে ২২ জন এবং হাসিল দাখিল মাদ্রাসা থেকে ২০ জন পরীক্ষার্থী অংশ নেয়।
উল্লাপাড়া উপজেলার দক্ষিণপাড়া ভরমোহনী বালিকা দাখিল মাদ্রাসা থেকে ১২ জন, সাতবিলা দাখিল মাদ্রাসা থেকে চারজন এবং কালিয়াকৈড় দাখিল মাদ্রাসা থেকে ১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।
ফল বিপর্যয়ের কারণ সম্পর্কে বাসুদেবকোল শ্রীরামেরপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট আব্দুল মান্নান বলেন, পরীক্ষার হলে অতিরিক্ত কড়াকড়ির কারণে শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিল। এর প্রভাব ফলাফলে পড়েছে বলে তিনি মনে করেন।
উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস বলেন, শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ফল বিপর্যয়ের কারণ জানতে চাওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat