সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার বিভিন্ন বাজারে সার, গ্যাস সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর ও বেলকুচি উপজেলার কড্ডার মোড় বাজার, জারিলা বাজার, সয়দাবাদ বাজার ও সমেশপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযান চলাকালে অনুমোদনহীন সার বিক্রি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া, পণ্য ক্রয়ের রশিদ না থাকা এবং অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জারিলা বাজারের মেসার্স হিমু বীজ ভান্ডারের মালিক মো. হারুন অর রশিদকে ৩০ হাজার টাকা এবং সমেশপুর বাজারের মেসার্স হাফিজুল স্টোরের মালিক মো. হাফিজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া অভিযানে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের যথাযথ রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে পণ্যের মূল্য, মান, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat