দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় র্যাব-১২ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০৬ বোতল নিষিদ্ধ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং মাদক বিক্রির ১৪ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ জানায়, অধিনায়কের দিকনির্দেশনায় বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক পরিবহনের সময় ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মুসলিমনগর এলাকার মৃত মসলেম মণ্ডলের ছেলে মো. রবিউল ইসলাম (৫৪) এবং একই উপজেলার মিলেরপাড়া এলাকার মৃত আসাদুল মেকারের ছেলে মো. তহিদুল ইসলাম (৩৮)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাইক্রোবাসে করে ফেয়ারডিল ও স্ক্যাফ সিরাপ দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat