দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সদর কোম্পানি।
র্যাব-১২ সূত্রে জানা গেছে, রোববার (৮ জুন) সকাল ৭টা ১০ মিনিটে র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সসংলগ্ন পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ১১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. আশরাফুল ইসলাম (৪০)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের বাসিন্দা এবং মৃত গফুর শেখের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানানো হয়, গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
এ বিষয়ে র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-১২ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংস্থাটি জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে র্যাবের চলমান মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক পাচার, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat