
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
মূল্য তালিকা ছাড়া ডিজেল সহ অন্যান্য জ্বালানি তেল বিক্রি দায়ে সিরাজগঞ্জের বেলকুচিতে মেসার্স রবিউল এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৮ মার্চ) দুপুরে বেলকুচি উপজেলার শেরনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনায় সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করেন।
দুপুরে এঘটনার সত্যতা নিশ্চিত করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।
ইসরাত জাহান জানান, আজ উপজেলার বিভিন্ন স্থানে তেলের দাম ও মজুদদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় রবিউল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে পেট্রোল, ডিজেল সহ অন্যান্য জ্বালানি তেলের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনানুসারে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ-সময় ওই প্রতিষ্ঠানকে শীঘ্রই মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
ভবিষ্যতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।