সিরাজগঞ্জ প্রতিনিধি
মানহানীর দুটি পৃথক মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে জামিন দিয়েছে সিরাজগঞ্জের আদালত।
রবিবার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চৌহালী ও সদর আমলি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন মুফতি আমীর হামজা।
শুনানি শেষে দুটি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার জামিনের আদেশ প্রদান করেন।
এর আগে গত ২৭ এপ্রিল একটি মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেন মুফতি আমীর হামজা।
মুফতি আমির হামজা এমপি’র আইনজীবী এ্যাডভোকেট আবু তালেব এবং একটি মামলার বাদী ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্ধারিত দিনে মুফতি আমির হামজা আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরে ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন লাভ করেন আমির হামজা।
অপরদিকে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটুক্তির অভিযোগে সদর আমলি আদালতে অপর একটি মামলা দায়ের করেছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামিম খান।
নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat