
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে মাইকিংয়ে প্রতিবেশী যুবকের মৃত্যু সংবাদ শুনেই মারা গেছেন এক বৃদ্ধ। পরে তাদের দুজনের জানাজার নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয় এবং একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।
বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার রায়দৌলত পুর ইউনিয়নের শাহবাজপুর পঞ্চগ্রাম মাদ্রাসার ঈদগাহ মাঠে জানাজা শেষে তাদের দাফন করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন- উপজেলার জটিবাড়ি গ্রামের বাসিন্দা আসমত আলীর ছেলে রাসেল সরকার (২৭) ও প্রতিবেশী মৃত তমছের আলীর ছেলে আমির খন্দকার (৫৬)।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার শারীরিক অসুস্থতা নিয়ে রাসেল সরকারকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। পরে মাইকিংয়ে তার মৃত্যুসংবাদ প্রচারের সময় প্রতিবেশী আমির খন্দকার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়।
রাসেলের সহপাঠী জিহাদ আলী জানান, দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন রাসেল। মঙ্গলবার হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাতে তার মৃত্যু হয়। মাইকিংয়ে মৃত্যুসংবাদ শোনার কিছুক্ষণ পরই আমির খন্দকারের মৃত্যু হয়।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিন উদ্দীন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই রাসেলের মৃত্যু হয়েছিল। রাত ৮ টা ২০ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হতে পারে।
কম বয়সীদের মধ্যেও হার্ট অ্যাটাকের মৃত্যু ঘটনা এখন বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat