দায়িত্ব গ্রহণের পর প্রথম নিজ নির্বাচনী এলাকায় এসে দিনভর ব্যস্ত সময় পার করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি দুই দিনের সরকারি সফরে সিরাজগঞ্জে আসেন। শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউ এলাকার নিজস্ব বাসভবনে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. আমিুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার সুপার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সামনে একটা কঠিন অগ্নিপরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি কিভাবে এটাকে ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়। আমার কাছে প্রধান প্রায়োরিটি রোজাকে ভালভাবে চালানো ও আগামি গ্রীষ্মকাল সামাল দেওয়া। আমি প্রাণপনে চেষ্টা করবো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য। দু-একটা ফল্ট হতে পারে। তবে বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করার পর সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত করতে যান। সেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাবেক পৌর চেয়ারম্যান ও মন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদ, ছোট ভাই মনজুর হাসান মাহমুদ খুশী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় কেন্দ্রীয় জামে মসজিদে এক ইফতার মাহফিলে যোগ দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।







