সিরাজগঞ্জ প্রতিনিধি:
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যায় বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরাজগঞ্জ জেলা। এ বছর জেলায় মোট ৩১ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী অংশ নেবে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষাকে সুষ্ঠু, নকলমুক্ত ও স্বচ্ছ রাখতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলার ৪৬টি কেন্দ্রে ৩৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবে। উপজেলাভিত্তিক কেন্দ্র বণ্টন অনুযায়ী—সিরাজগঞ্জ সদরে ৭টি, বেলকুচিতে ৪টি, কামারখন্দে ২টি, চৌহালীতে ৪টি, কাজিপুরে ৬টি, রায়গঞ্জে ৭টি, শাহজাদপুরে ৮টি, তাড়াশে ৩টি এবং উল্লাপাড়ায় ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে রয়েছে ১৬ হাজার ৬১০ জন এবং মেয়ে ১৪ হাজার ৭৪৪ জন।
রাজশাহী বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে বগুড়া জেলা (৩২ হাজার ১০২ জন)। দ্বিতীয় অবস্থানে সিরাজগঞ্জ এবং তৃতীয় স্থানে রাজশাহী জেলা (২৮ হাজার ৫৩৭ জন)।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জাব্বার বলেন, “এসএসসি পরীক্ষা উপলক্ষে জেলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”
উল্লেখ্য,আগামী ২১ এপ্রিল থেকে শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat