সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ নারী মিছিল-সমাবেশ করলো জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রচারণায় মহিলাদের ওপর হামলা ও হেনস্ত এবং জামায়াত আমীরের আইডি হ্যাক করে বিভ্রান্তমূলক পোস্টের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে শহরের বাজার স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) নির্বাচনী আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নারী কর্মীরা অংশগ্রহণ করে। মিছিলে শ্লোগানে শ্লোগানে নারীদের ওপর হামলার প্রতিবাদ ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি সুলতানা ইয়াসমিন জেবার সভাপতিত্বে ও জেলা কর্ম পরিষদ সদস্য মাকছুদা খাতুন বৃষ্টির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. শাহেদুল, আব্দুল লতিফ, সেলিমসহ বেশ কয়েক ব্যবসায়ী বলেন, সিরাজগঞ্জে এতবড় নারী মিছিল আমরা এর আগে কখনো দেখি নাই। প্রায় দেড় থেকে দুই কিলোমিটার এলাকাজুড়ে মিছিলটা হয়েছে। বিভিন্ন বয়সের নারীরা হিজাব পড়ে মিছিলে অংশ নিয়েছে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম বলেন, আজকের এই মিছিলে প্রায় ১০ হাজার নারী অংশগ্রহণ করেন। এটা ছিল সিরাজগঞ্জের ইতিহাসে জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নারী সমাবেশ। ইতিপূর্বে কোন রাজনৈতিক দল, এনজিও এত বিশাল মিছিল করতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat