
দৃশ্যপট ডেস্ক
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
এক শোকবার্তায় দৈনিক প্রতিদিনের দৃশ্যপট সম্পাদক ও প্রকাশক মো.নুরুল হক নয়ন বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন গণতান্ত্রিক আন্দোলনের একজন আপোষহীন নেত্রীকে হারালো। যে শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে। জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। অপরদিকে বিএনপির পক্ষ থেকে ৭ দিনের শোক কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে দেশের জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী। দেশ-বিদেশে তথা দক্ষিণ এশিয়ায় নারী প্রধানমন্ত্রীদের মধ্যে জনপ্রিয় এ নেত্রী আজ দেশবাসী, দলীয় নেতাকর্মী, ভক্ত ও অনুসারীদের কাঁদিয়ে পরলোকে পাড়ি জমান।