মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সিরাজ শেখ (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি গ্রামের পগাইলের বিলসংলগ্ন একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিরাজ শেখ ওই গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গ্রামের পগাইলের বিলসংলগ্ন একটি বাগানে আমগাছের সঙ্গে সিরাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে সাদুল্লাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের সময় সিরাজের পরনে পাঞ্জাবি ও পায়জামা ছিল।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat