সলঙ্গা (সিরাজগঞ্জ)প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে সলঙ্গা থানা পুলিশের উদ্যোগে কদমতলা সমাজকল্যাণ পাঠাগার প্রাঙ্গণে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকসেবী কিংবা মাদক কারবারি—সে যেই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।
সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, এম দুলাল উদ্দিন আহমেদ, আইয়ুব হোসেন, গজেন্দ্র নাথ মণ্ডল, শাহীন রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপস্থিত জনগণের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ কর্মকর্তারা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat