সলঙ্গা ( সিরাজগঞ্জ)প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও কর্মকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নে ভূঁইয়া গাতীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভূঁইয়াগাতী-বিশ্ব রোডসংলগ্ন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি রায়গঞ্জ-নিমগাছী সড়ক প্রদক্ষিণ করে ভূঁইয়াগাতী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম খোকনসহ ইউনিয়ন ও থানা বিএনপি এবং ছাত্রদলের নেতারা।
সভাটি সঞ্চালনা করেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার দুলাল।
বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। অনেককে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। এখন আবার কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে রাজপথেই তার রাজনৈতিক জবাব দেওয়া হবে।
তারা আরও বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat