সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিনেমা বা নাটকের কোন হিরো নয়, সমাজের দরিদ্র-অসহায় মানুষদের জন্য কাজ করা স্বেচ্ছাসেবীদের খুঁজে বের করে তাদের সংবর্ধনা দিলো “সুজন সার্চ ফর স্যোসাল হিরো” নামে একটি সংগঠন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরে যমুনা নদীর পাড়ে ৩ নং ক্রসবার বাঁধ এলাকায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। এই আয়োজনটি ছিল সংগঠনের ৬ষ্ঠ এপিসোড। সিরাজগঞ্জ জেলায় মানবিক কর্মকাণ্ড করে দেশব্যাপী আলোচিত হওয়া ব্যক্তিদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত ব্যক্তিরা হলেন, অসংখ্য এতিম ও দুস্থ তরুণীদের রাজকীয় বিয়ের আয়োজন করা দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস, কৃষি চিত্রপুরির পরিচালক রফিকুল ইসলাম মানিক, “প্রচেষ্টা সবার জন্য” মানবিক সংগঠনের চেয়ারম্যান শাহবাজ খান সানী, “সুখপাখি” সিরাজগঞ্জের পরিচালক শেখ রজব এবং মানবিক সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জ।
শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের সভাপতি ইকবাল হাসান ইসহাকের সভাপতিত্বে ও সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম মানিক।
এছাড়াও বক্তব্য রাখেন মামুন বিশ্বাস, শাহবাজ খান সানী, শেখ রজব, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল ও সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল।
এ সময় বক্তারা বলেন, যারা নীরবে নিভৃতে মানুষের জন্য কাজ করে প্রকৃতপক্ষে তারাই রিয়েল হিরো। এই হিরোরা সংবর্ধনার জন্য নয়, নিজের মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই কাজ করে যায়। মানবিক কর্মকাণ্ডে বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জ জেলা অনেক এগিয়ে রয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে ৫ জন মানবিক ব্যক্তিত্বকে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা স্মারকসহ বিভিন্ন স্পন্সরের ২১টি উপহার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat