মো. আজিজুল হাকিম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
যান্ত্রিক ত্রুটির ঝামেলা কাটিয়ে দুই দিন বন্ধ থাকার পর অবশেষে উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট। রবিবার (২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ইউনিটটি পুনরায় চালু করা হয়। এর ফলে বর্তমানে এই ইউনিট থেকে নিয়মিতভাবে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাত দেড়টার দিকে ইউনিটটি সফলভাবে চালু হওয়ার পর থেকেই তা থেকে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
এর আগে গত শনিবার ভোরে (ভোর ৫টা ৫০ মিনিট) হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ১ নম্বর ইউনিটটির উৎপাদন তাৎক্ষণিকভাবে বন্ধ রাখতে হয়েছিল। ত্রুটি দেখা দেওয়ার আগেও এই ইউনিট থেকে প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট তিনটি ইউনিটের মধ্যে এখন ১ নম্বর এবং ৩ নম্বর ইউনিট সচল রয়েছে। বর্তমানে সচল থাকা ৩ নম্বর ইউনিটটি থেকে প্রায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্রটির ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat