
ডেস্ক
বর্তমান সরকারের নির্দেশনায় ফের বাজারে ছাড়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় সিলগালা করা শেখ মুজিবুর রহমান-এর ছবিযুক্ত পুরনো নোট। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক এসব নোট বিনিময় এবং বাজারে বিতরণের কাজ শুরু করেছে।
এর আগে জুলাই অভ্যুথানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ভাস্কর্যগুলো ভেঙে ফেলে আন্দোলনকারীরা। পরে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ মুজিবের ছবিযুক্ত নোট বাজারে ছাড়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং নতুন ডিজাইনের নোটের প্রচলন ঘটায়।
তবে, নবনির্বাচিত সরকার এসে নতুন ডিজাইনের নোট ছাপানোর পেছনে অর্থ অপচয় বন্ধের সিদ্ধান্ত নেয়। এর ফলে, বাংলাদেশ ব্যাংকে সিলগালা অবস্থায় থাকা শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত পুরনো নোট আবার বাজারে ছাড়া হচ্ছে এখন।
এ বিষয়ে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ২০২৫ সালের ঈদুল আযহার সময়ে পুরোনো ছাপের নোটগুলা বিতরণ বন্ধ হয়। তারপরই বাংলাদেশ ব্যাংক থেকে সেটা উদ্ধার করা হয়েছিলো। তারপরই ওটা যথারীতিভাবে আমরা চলমান রাখি। যেভাবে বিতরণ করা যায়, সেই সময় থেকেই করছি।
চাহিদার চেয়ে নতুন ডিজাইনের নোটের সরবরাহ কম থাকায় আগের ছাপানো নোট বাজারে ছাড়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, ৯ প্রকার নোট ছাপাতে গিয়ে চাহিদার সঙ্গে আমরা গতি রাখতে পারছিলাম না। যেহেতু নিষিদ্ধ করা হয় নাই, মার্কেটের চাহিদা আছে। চাহিদার অনুপাতে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে ঘাটতি দেখা যাচ্ছে। আমাদের কাছে কিছু আগের ডিজাইনের নোট প্রিন্ট করা আছে; সেগুলি পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হচ্ছে।