চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তিন বছরের এক শিশুকে হাত-পা বেঁধে বস্তাবন্দী করে বিলের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন দাদির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা সিয়াম আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ৩ নম্বর দাইপুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামের সিয়াম আলীর তিন বছরের ছেলে আইয়ানকে বিকেল ৫টার দিকে কলমুগড়া বিলের ব্রিজের নিচে নিয়ে যান তার দাদি সেমিয়ারা বেগম। সেখানে শিশুটির হাত-পা বেঁধে বস্তার মধ্যে ঢুকিয়ে কচুরিপানার নিচে পানিতে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ সময় বিলের ধারে কয়েকজন রাখাল গরু চরাচ্ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। পরে ভাসমান একটি বস্তা দেখতে পেয়ে সেটি থেকে জীবিত অবস্থায় শিশু আইয়ানকে উদ্ধার করেন তারা।
এ সময় শিশুটির দাদি ও বাবা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে রাখেন বলে জানা গেছে।
পরে স্থানীয় রাখালরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা সিয়াম আলীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
তবে কী কারণে শিশুটির দাদি তাকে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
