সিরাজগঞ্জের শাহজাদপুরে নেপিয়ার ঘাসের জমি থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) বিকেল তিনটার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে ঘাসের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে চরাচিথুলিয়া গ্রামের এক কৃষক নেপিয়ার ঘাস কাটতে গিয়ে কিশোরের গলাকাটা মরদেহ দেখতে পায়। বিষয়টি জানতে পেরে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত লাশের পরনে পাঞ্জাবি-পাজামা দেখে মাদ্রাসা ছাত্র বলে ধারণা করা হচ্ছে এবং বলাৎকারের পর গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও জানিয়েছেন স্থানীয়রা। এদিকে হত্যাকাণ্ডের শিকার কিশোরের পরিচয় শনাক্তে এবং হত্যার কারণ উদঘাটনে চেষ্টা করছে পুলিশ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করা হবে। সেইসাথে নিহত কিশোরের পরিধানের পোশাক দেখে মাদ্রাসা ছাত্র হতে পারে বলেও জানান ওসি।
