মোঃ তোফাজ্জল হোসেন,পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদ মাইদুর রহমান-এর বহুল আলোচিত হত্যাকাণ্ড মামলায় দাখিলকৃত চার্জশিট প্রত্যাখ্যান, মামলাটির পুনঃতদন্ত এবং প্রকৃত পরিকল্পনাকারী ও হত্যাকাণ্ডে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পোরশা উপজেলা পরিষদ চত্বরে পোরশা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নিহত শহীদ মাইদুর রহমানের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘ তদন্ত শেষে দাখিল করা চার্জশিটে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম বাদ দেওয়া হয়েছে। এর ফলে নিহতের পরিবার, দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে দাখিলকৃত চার্জশিট প্রত্যাহার করে নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, একটি আলোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হলে নিরপেক্ষ তদন্তের কোনো বিকল্প নেই। কিন্তু বর্তমান চার্জশিটে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তারা বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে মামলাটি পুনঃতদন্তের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে নিহত শহীদ মাইদুর রহমান-এর বাবা মোঃ আজাদ আলী আবেগঘন বক্তব্যে বলেন, **"আমি আমার সন্তানের সুষ্ঠু বিচার চাই। আমি বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আমার সন্তানের প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আমি তাঁর সহযোগিতা কামনা করছি। আমি এখনও আমার সন্তানের প্রকৃত বিচার পাইনি।"
এ সময় নিহতের ভাই মোঃ ওবাইদুর রহমান বলেন, "আমরা শুধু আমার ভাইয়ের সুষ্ঠু বিচার চাই। মামলার চার্জশিট থেকে প্রকৃত হত্যাকারীদের নাম কেন বাদ দেওয়া হয়েছে, তার জবাব চাই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
পরিবারের অন্যান্য সদস্যরাও একই দাবি জানিয়ে বলেন, প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা মোঃ রাকিবুল ইসলাম (রাকিব)। তিনি বলেন, ঘোষিত তিন দফা কর্মসূচি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তিনি পোরশা উপজেলার সকল নেতাকর্মীর প্রতি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, "শহীদ মাইদুর রহমান হত্যাকাণ্ডে প্রকৃত আসামিদের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে বলে আমরা মনে করি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।"
এ সময় তিনি নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, এলাকার জনগণ ন্যায়বিচার প্রত্যাশা করে। তিনি মামলাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
বক্তারা বলেন, নিহত মাইদুর রহমানের পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের প্রত্যাশায় রয়েছে। তাই মামলাটির পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট তদন্ত সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
২০ জুলাই ২০২৬ (সোমবার): পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম-এর নিকট স্মারকলিপি প্রদান।
২৪ জুলাই ২০২৬ শুক্রবার লংমার্চ,২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার পোরশা থানা ঘেরাও কর্মসূচি।
বক্তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা নিহত শহীদ মাইদুর রহমানের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মহলের কার্যকর ভূমিকা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat