দৃশ্যপট ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ৬৮ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে রায়গঞ্জ উপজেলার দাথিয়া দিগর গ্রামের হানিফ ফুড ভিলেজের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নারী হলেন দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী মোছাঃ বেগম (৬৮)। তার বাবার নাম মৃত গমির উদ্দিন এবং মায়ের নাম মৃত খতেজা।
র্যাব-১২ সূত্রে জানা যায়, র্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে দাথিয়া দিগর গ্রামে হানিফ ফুড ভিলেজের সামনে রংপুর থেকে ঢাকাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোছাঃ বেগমকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তিনি দিনাজপুর সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে বিভিন্ন যানবাহনে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ শনিবার(১৫ আগস্ট)সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার মোছাঃ বেগমের বিরুদ্ধে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat