রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেল অফিসের নতুন ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
পরিদর্শনকালে পুলিশ সুপার ভবনটির নির্মাণকাজের অগ্রগতি, নির্মাণসামগ্রীর গুণগত মান এবং সার্বিক অবকাঠামোগত বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নির্ধারিত মান বজায় রেখে যথাসময়ে নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রায়গঞ্জ সার্কেল অফিসের জন্য আধুনিক ও স্থায়ী অবকাঠামোর প্রয়োজনীয়তা থাকলেও নতুন ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়নে বিলম্ব হচ্ছিল। বর্তমান পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু দায়িত্ব গ্রহণের পর ভবন নির্মাণকাজ শুরু ও এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন।
নতুন ভবনটি চালু হলে রায়গঞ্জ সার্কেলের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি উন্নত অবকাঠামোর মাধ্যমে জনগণকে দ্রুত ও সহজে পুলিশি সেবা প্রদান, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পরিদর্শনকালে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামানসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat