রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব দুলাল হোসেন খান।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় প্রেসক্লাবের ধানগড়া স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব দুলাল হোসেন খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সহ-সভাপতি লেলিন হোসেন খান এবং ব্রহ্মগাছা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জহুরুল ইসলাম লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্যে দুলাল হোসেন খান বলেন, তিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চান। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র উঠে আসে। তাই উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” নির্বাচিত হলে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য দৈনিক সংবাদের রায়গঞ্জ প্রতিনিধি ড. গোলাম মোস্তফা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat