রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্যাডেল ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে ‘রিকগনাইজ অ্যান্ড অ্যাওয়ার্ড গিভিং প্রোগ্রাম’-এর আওতায় এসব ডাস্টবিন বিতরণ করা হয়। উপজেলার ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ডাস্টবিনগুলো তুলে দেওয়া হয়।
গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার অভ্যাস গড়ে তোলা জরুরি। শ্রেণিকক্ষে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা থাকলে শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা বজায় রাখতে আরও উৎসাহিত হবে। এ ধরনের উদ্যোগ শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখবে না, বরং শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবেও গড়ে তুলতে সহায়ক হবে।
তাঁরা আরও বলেন, পরিচ্ছন্ন শিক্ষাপরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার পনুয়েল মন্ডল।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat