রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কের পাশে সিএনজি চালিত অটোরিকশা রাখার নামে চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে মো. ফিরোজ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফিরোজ উদ্দিন চান্দাইকোনা ইউনিয়নের তাতবাড়ী এলাকার মৃত ছাইফ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দাইকোনা পশুর হাটের সামনে মহাসড়কের পাশে সিএনজি চালিত অটোরিকশা রেখে যাত্রী ওঠানামা করেন চালকেরা। অভিযোগ রয়েছে, হাটের দিন সেখানে গাড়ি রাখার জন্য ‘চেইন মেইনটেইন’ করার কথা বলে প্রতিটি সিএনজি চালকের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হতো।
এ ঘটনায় ভুক্তভোগী কয়েকজন সিএনজি চালক টাকা আদায় ও হয়রানি বন্ধের দাবিতে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে তাঁদের একজন বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, চালকদের লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ফিরোজ উদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মহাসড়কের পাশে যানবাহন রাখার নামে চালকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগটি আইনগতভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat