[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কার কারণ হয়ে দাঁড়ানো রায়গঞ্জ-ভুইয়াগাতী সড়কের নিশ্চিন্তপুর গ্রামের সেই ঝুঁকিপূর্ণ গাছটি অবশেষে অপসারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সচিত্র সংবাদ প্রকাশের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
জানা যায়, গত কয়েক মাস ধরে সড়কের মাঝামাঝি অংশে বিশালাকার গাছটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে ছিল। ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন ও পথচারীর চলাচল থাকলেও গাছটি অপসারণে দীর্ঘদিন কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারা বারবার দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করলেও বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরের বাইরে ছিল।
এ অবস্থায় গত ১৮ মে “রায়গঞ্জে রাস্তার মাঝে গাছ রেখেই চলছে সংস্কার” শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।
সংবাদটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাছটি সম্পূর্ণভাবে কেটে অপসারণ করে।
গাছ অপসারণের পর সড়কে চলাচলকারী যানবাহন চালক ও পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের মতে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন,“গাছটি যেভাবে রাস্তার পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, তাতে আমরা সবসময় আতঙ্কে থাকতাম। সংবাদ প্রকাশের পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা খুবই আনন্দিত।”
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জনস্বার্থ রক্ষায় প্রশাসন সবসময় তৎপর রয়েছে। তিনি বলেন, সময়োপযোগী সংবাদ প্রকাশের ফলে বিষয়টি দ্রুত গুরুত্ব পায় এবং সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
এদিকে সচেতন মহল মনে করছে, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজের নানা সমস্যা ও অসঙ্গতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে এমন সাহসী ও সময়োপযোগী সংবাদ পরিবেশন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat