
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বন্দিহার গ্রাম থেকে তাপস মাহাতো (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাপস মাহাতো ওই গ্রামের সুশীল চন্দ্র মাহাতোর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তাপস ইটভাটায় কাজ শেষে বাড়ি ফিরে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে তার বাবা সুশীল চন্দ্র মাহাতো ছেলেকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনের জানালা দিয়ে তাকিয়ে দেখেন, ঘরের ভেতরে গলায় রশি পেঁচানো অবস্থায় তাপস ঝুলে আছেন। পরে তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।