রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মধ্যপাড়া এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধারালো অস্ত্রের হামলার ঘটনায় দুই যুবক আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আব্দুর রহমান (১৮) ও হাছান শেখ (২২)।
আহতদের পরিবারের অভিযোগ, স্থানীয় বাসিন্দা টিটোন (৪৫) মাদক সেবন করে বাড়িতে এসে গালাগাল করেন। এতে বাধা দিলে প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রহমান ও হাছান শেখ আহত হন।
স্থানীয়রা জানান, মাদক সেবন নিয়ে বিরোধের জের ধরেই এ ঘটনার সূত্রপাত। তবে অভিযোগের বিষয়ে টিটোনের বক্তব্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের দাবি, ঘটনার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে এবং বাড়িতেও তাঁকে পাওয়া যায়নি।
স্বজনরা জানান, গুরুতর আহত আব্দুর রহমানকে প্রথমে ধানগড়া এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং আহত হাছান শেখ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat