রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, আব্দুর রাকিব খানের বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশে পুকুর থাকায় ভাঙনের ঝুঁকিও বেড়েছে। এতে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, বৃষ্টির দিনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের কাদা মাড়িয়ে স্কুল-কলেজে যেতে হয় এবং অনেক সময় দুর্ঘটনারও শিকার হতে হয়। জরুরি রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে ভ্যান কিংবা অ্যাম্বুলেন্স প্রবেশ করতে না পারায় খাটিয়া বা কোলে করে মূল সড়কে নিতে হয়।
গ্রামবাসীর অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা রাস্তা পাকাকরণের আশ্বাস দিলেও পরে আর কোনো উদ্যোগ নেওয়া হয় না। কৃষকরাও উৎপাদিত পণ্য সহজে বাজারে নিতে পারছেন না।
চান্দাইকোনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান জানান, রাস্তাটি পাকাকরণের জন্য উপজেলা পরিষদে প্রস্তাব পাঠানো হয়েছে। অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, অবশিষ্ট অংশের উন্নয়ন কাজও পর্যায়ক্রমে করা হবে।
দ্রুত রাস্তাটি পাকাকরণ বা এইচবিবি করার দাবি জানিয়েছেন বাঐখোলা গ্রামের জনসাধারণ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat