রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সারাদেশের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাতেও ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও ফিল্ড সুপারভাইজার নিয়োগের ভাইভা পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ ভবনে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ধামাইনগর, ধুবিল ও ধানগড়া ইউনিয়নের পাশাপাশি রায়গঞ্জ পৌরসভার তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারীরা অংশ নেন। এ সময় প্রার্থীদের মৌখিক যোগ্যতার পাশাপাশি ট্যাব ব্যবহারসংক্রান্ত বাস্তব দক্ষতাও যাচাই করা হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড শুমারিতে রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তথ্য সংগ্রহকারী পদে ৯৫৬ জন এবং ফিল্ড সুপারভাইজার পদে ১২১ জন নারী-পুরুষ আবেদন করেছেন।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২ আগস্ট ব্রহ্মগাছা, চান্দাইকোনা ও পাঙ্গাসী ইউনিয়নের তথ্য সংগ্রহকারী পদের আবেদনকারীদের, ৩ আগস্ট ঘুড়কা, নলকা ও সোনাখাড়া ইউনিয়নের আবেদনকারীদের এবং ৪ আগস্ট উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার ফিল্ড সুপারভাইজার পদের আবেদনকারীদের ভাইভা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা তথ্য সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি মো. আবদুল খালেক পাটোয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট ভাইভা বোর্ডে উপস্থিত হতে হবে।
আবেদনপত্রে উল্লেখিত সব সনদের মূল কপি ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। এছাড়া ভাইভা চলাকালে শৃঙ্খলা ভঙ্গ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat