রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন, রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান খান এবং ধানগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনাতন কুমারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত বালক ১০টি ও বালিকা ১০টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী দিনের প্রথম পর্বের খেলায় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ও হাতিম হাসিল সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) দল মুখোমুখি হয়। দ্বিতীয় পর্বে ধামাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) ও চর ব্রহ্মগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) দল প্রতিদ্বন্দ্বিতা করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন গোলাম কাউসার এবং ধারাভাষ্য প্রদান করেন রিফাত রহমান।
আয়োজকরা জানান, এ টুর্নামেন্টের মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat