রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলংগা থানা পুলিশের কার্যকর উদ্যোগে জানুয়ারি মাসে বিভিন্ন ব্র্যান্ডের হারিয়ে যাওয়া মোট ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইলগুলো বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, হারানো মোবাইল উদ্ধারে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন থানায় এসে আস্থা ও মানসম্মত সেবা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশ সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং নিয়মিত অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন শনাক্ত করে উদ্ধার করা সম্ভব হয়েছে।
মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত মালিক শফিকুল ইসলাম বলেন, হারানো মোবাইল আর ফিরে পাবো—এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পুলিশের সহযোগিতায় আজ মোবাইলটি ফিরে পেলাম, এজন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আরেক মালিক জানান, পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করবে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, সাধারণ মানুষের জানমাল ও ব্যক্তিগত সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। হারানো মোবাইল উদ্ধারে আমাদের এই কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।
সচেতন মহলের মতে, পুলিশের এই মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং থানাকেন্দ্রিক সেবার প্রতি মানুষের আস্থা বাড়াবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat