রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
এনজিও থেকে ঋণ নিয়ে পুকুরে মাছ চাষ করেছিলেন ৭৪ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী মমতাজ উদ্দীন সরকার। স্বপ্ন ছিল মাছ বিক্রি করে ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের চাহিদা মেটাবেন। কিন্তু পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগে প্রায় ৪০ মণ মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় মাছ নিধন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই বৃদ্ধ।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গুনগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মমতাজ উদ্দীন সরকারের নিজস্ব ৯৪ শতক আয়তনের একটি পুকুর রয়েছে। খতিয়ান নম্বর ২৭১ ও দাগ নম্বর ১২৬৬-এর ওই পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন তিনি। শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে প্রতিপক্ষের লোকজন পুকুরে অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে পুকুরের প্রায় ৪০ মণ মাছ মারা যায়। স্থানীয়দের ধারণা, পুকুরে কীটনাশকজাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হয়ে থাকতে পারে।
সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। পরে সকাল ৯টার দিকে মমতাজ উদ্দীন সরকার ঘটনার কারণ জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাঁকে ও পরিবারের সদস্যদের মারধর করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পুকুরে মাছ চাষ কিংবা দেখাশোনা করতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তাঁরা।
পরিবারের সদস্য মাসুদ রানা, তাজমিনা খাতুন ও মনোয়ারা বেগম বলেন, মাছ চাষের জন্য তাঁরা এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। মাছ বিক্রির অর্থ দিয়ে ঋণের কিস্তি পরিশোধের পরিকল্পনা ছিল। কিন্তু মাছ মারা যাওয়ায় এখন ঋণের কিস্তি পরিশোধ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের পক্ষে সোলাইমানের মেয়ে সালমা খাতুন বলেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় একটি লিখিত অভিযোগও পেয়েছি। খুব শিগগিরই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে মাছ চাষের পুরো বিনিয়োগ হারিয়ে ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মমতাজ উদ্দীন ও তাঁর পরিবার। একই সঙ্গে নিরাপত্তাহীনতায়ও ভুগছেন তাঁরা। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat