রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিয়ামেরসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা শেখপাড়ায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
নিহত সিয়াম উপজেলার চান্দাইকোনা শেখপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে নামে সিয়াম। গোসল শেষে অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সিয়াম আর ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে তার সঙ্গে থাকা শিশুদের তথ্যের ভিত্তিতে পুকুরে অনুসন্ধান চালানো হয়।
একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় সিয়ামের মরদেহ দেখতে পান স্বজনরা। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশু সিয়ামের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় পরিবারের পাশাপাশি সবার আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat