শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে বেহাল ও কর্দমাক্ত সড়ক সংস্কার এবং ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
রোববার (১০ মে) দুপুরে বিদ্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। কর্মসূচিতে বক্তারা দ্রুত রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার, শিক্ষক আব্দুল হাদি তালুকদার ও সাংবাদিক লিটন কুমার গুণ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শাহরিয়ার শাফি, বিজয় মাহাতো, উদয়, আব্দুল্লাহ, সামিউল এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী লাবিব।
বক্তারা অভিযোগ করেন, নিমগাছী বাজার থেকে কড়িতলা অভিমুখী সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তারা আরও বলেন, হাট কমিটি ও প্রশাসনের সিদ্ধান্তহীনতার কারণে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। দ্রুত সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণ করা না হলে আন্দোলন আরও জোরদার করারও হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat