রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাকরির প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শাহীনের বিরুদ্ধে। প্রায় ৩৫ লাখ টাকার সম্পদ নিয়ে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগীদের মধ্যে নওগাঁ জেলার আতাইকুলা উপজেলার বাসিন্দা আবু সাঈদের মেয়ে রুমানা অভিযোগ করেন, চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে শাহীন তার ও তার বোনের কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণ এবং ৯ ভরি রূপা কৌশলে নিয়ে নেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি না পাওয়ায় প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
এ ঘটনায় ক্ষুব্ধ রুমানা টাকা ফেরতের দাবিতে শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাইদ গ্রামে অভিযুক্ত শাহীনের বাড়ির সামনে অনশন শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন একই কৌশলে এর আগেও একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিমুল এলাকার এক ব্যক্তির কাছ থেকেও চাকরির কথা বলে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামে তার এক খালাতো বোনের কাছ থেকেও অর্থ হাতিয়ে নেওয়ার পর আত্মগোপনে যান। পরে স্থানীয়দের চাপে তার বাবা সাখাওয়াত জমি বিক্রি করে ওই টাকা পরিশোধ করেন।
রুমানার ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, রানা আহমেদ ও হাসিনা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিক বৈঠক করেছেন।
প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শাহীন টাকা নেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন।”
তবে অভিযুক্ত শাহীনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এ ঘটনায় ভুক্তভোগীরা দ্রুত প্রতারকের গ্রেপ্তার ও তাদের অর্থ-সম্পদ ফেরতের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat