শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনা খাড়া ইউনিয়নের খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভজন দেব উরাঁও চেক জালিয়াতি মামলার আসামী হয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছুটি না নিয়ে তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও এ বিষয়ে কার্যকর কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না হওয়ায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, একাধিক চেক জালিয়াতি মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকে পুলিশের ভয়ে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন। তবে এ অবস্থার মধ্যেও বিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের।
তার অনুপস্থিতির কারণে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে নির্দিষ্ট বিষয়ের শিক্ষক না থাকায় কোমলমতি শিক্ষার্থীরা পড়েছে চরম বেকায়দায়। অভিভাবকদের অভিযোগ, বিকল্প শিক্ষক না থাকায় ক্লাস কার্যত অচল হয়ে পড়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঘুনাথ বিষয়টি নিয়ে বলেন,“ভজন দেব মৌখিকভাবে ছুটি নিয়েছে।”
তবে এ বিষয়ে ভিন্নমত পাওয়া গেছে শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে।রায়গঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এলিজা সুলতানা মুঠোফোনে জানান,“লিখিতভাবে ছুটি না নিয়ে কোনো শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে পারেন না। বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে যাচাই করে দেখা হচ্ছে।”
এদিকে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী বলেন,“আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। বিধি মোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat