শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ )প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৪১টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষায় আগ্রহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।
অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য মো. আয়নুল হক বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়ার পথে যাতায়াত যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪১ জন শিক্ষার্থীর মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানায়, দূরের বিদ্যালয়ে যাতায়াতে এখন তাদের সময় ও কষ্ট দুটোই কমবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat