দৃশ্যপট ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কাটা ধান ঘরে তোলার আগেই বজ্রপাতে ঝরে গেল এক যুবকের প্রাণ। নিহত হাসান শেখ (২৫) আর ফিরে আসতে পারলেন না তার আপনজনদের কাছে—মাঠেই থেমে গেল তার জীবনের সব স্বপ্ন।
রোববার (২৬ এপ্রিল) বিকেল প্রায় ৬ ঘটিকার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাসান শেখ ওই এলাকার আব্দুল হালিম শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ জমিতে কাটা ধান এক জায়গায় জড়ো করছিলেন হাসান। দিনশেষে ধান ঘরে তোলার প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় আচমকা আকাশে ঘন মেঘ জমে ওঠে, শুরু হয় ঝড়-বৃষ্টি।
প্রকৃতির এই রুদ্ররূপের মাঝেই হঠাৎ এক ভয়াবহ বজ্রপাত আঘাত হানে মাঠে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন হাসান।
চোখের সামনে এমন দৃশ্য দেখে পরিবারের সদস্যরা ছুটে আসেন। স্থানীয়রাও দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সব শেষ—নিভে গেছে একটি তাজা প্রাণের প্রদীপ।
ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে হাসান শেখের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। হঠাৎ এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বজ্রপাতে এক যুবকের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat