দৃশ্যপট ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মৌহার গ্রামের মুন্সিপাড়া নয়াপুকুর তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রায়গঞ্জ উপজেলার পুল্লা গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. মিলন হোসেন (৩০) এবং হাজিপুর গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মো. ওসমান গনি (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রায়গঞ্জ থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোরে মৌহার গ্রামের মুন্সিপাড়া নয়াপুকুর তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat