মোঃ রেজাউল করিম খান স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া থেকে ভুইয়াগাতি উচ্চ বিদ্যালয় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে কাজ স্থবির থাকায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকরা।
সরেজমিনে দেখা যায়, সড়কটির ওপর ইটের খোয়া বিছিয়ে রেখে কাজ ফেলে রাখা হয়েছে। অনেক স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, আবার কোথাও খোয়া সরে গিয়ে রাস্তা অসমতল হয়ে পড়েছে। এতে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় ইজিবাইক চালক মজিদ মিয়া বলেন, “এই রাস্তায় চলতে গেলে সব সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। সামান্য অসাবধান হলেই গাড়ি উল্টে যায়। আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি।”
রিকশাচালক সুজন সরকার জানান, “প্রতিদিনই কেউ না কেউ পড়ে গিয়ে আহত হচ্ছে। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। তখন রাস্তা পিচ্ছিল হয়ে যায়, চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।”
তেলিজানা আলিম সিনিয়র এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি আমাদের প্রধান যোগাযোগ সড়ক। এই পথ দিয়ে উপজেলা পরিষদ, থানা ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে খুব কষ্ট হয়।”এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতা এবং সংশ্লিষ্ট প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবে সংস্কার কাজটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। নির্ধারিত সময় পার হলেও কাজ শেষ না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।তবে এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানায়, তেলসহ বিভিন্ন নির্মাণ উপকরণের মূল্যবৃদ্ধি ও সংকটের কারণে কাজের গতি ব্যাহত হয়েছে। তারা দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন।
রায়গঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, “তেলসহ বিভিন্ন উপকরণের সংকটের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে সংস্কার কাজ পুনরায় শুরু হয়েছে। আশা করছি, আগামী ১৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন করা যাবে।”
এদিকে স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কার কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat