সেলিম রেজা তাজ, যশোর প্রতিনিধিঃ
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ২০ কেজি গাঁজা, ৩৫টি শাড়ি, ২টি কম্বল, ২৮ প্যাকেট ফুসকা, ২ দশমিক ৫ কেজি জিরা, ১ দশমিক ৫ কেজি কিসমিস, ৩ প্যাকেট সনপাপড়ি এবং ১৭৯টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
জব্দ করা এসব মাদক ও চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ২৬ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat