সেলিম রেজা তাজ,বেনাপোল(যশোর )প্রতিনিধি
যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক স্বর্ণের ওজন ১ হাজার ৭৮০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ সময় স্বর্ণ পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ সর্বমোট ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের হেদায়রু রহমান (৩৮)।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার, ২৩ গ্রাম রৌপ্য, একটি প্রাইভেট কার, চারটি মোবাইল ফোন, দুটি হাতঘড়ি ও নগদ ৩ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণ পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারীদের আটক করা সম্ভব হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat