মো: আব্দুর রহীম মিঞ, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনা নদীতে জাটকা ইলিশ রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় এক জেলেকে আটক করে জরিমানা করা হয়।
সোমবার (২২ জুন) ভূঞাপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নদী থেকে আনুমানিক ৮ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারি জাল, ১ হাজার মিটার কারেন্ট জাল এবং ৪ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে মাছ শিকারের দায়ে একজন জেলেকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত জেলেকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার এবং ভূঞাপুর নৌ-পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসন জানায়, জাটকা ইলিশসহ দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat