অনলাইন ডেস্ক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চিকিৎসা শেষে মায়ের কোলে চড়ে ভ্যানে বাড়ি ফিরছিল এক মাস ১০ দিনের শিশু রিফাত মিয়া। পথে ব্যাটারি চালিত ভ্যানের চাকায় মায়ের বোরকা পেঁচিয়ে কোল থেকে সড়কে ছিটকে পড়ে সে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুরপালা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৈলা গ্রামের মুস্তাফিজুর রহমান ও রিয়া বেগম দম্পতির একমাত্র সন্তান।
নিহত শিশুর নানা ইলিয়াস হোসেন জানান, অসুস্থ রিফাতকে চিকিৎসার জন্য ঘাঘর বাজারে নিয়ে যান তার মা। চিকিৎসা শেষে ব্যাটারি চালিত ভ্যানে করে নানাবাড়িতে ফিরছিলেন তারা। পথে চলন্ত ভ্যানের চাকায় রিয়া বেগমের বোরকা পেঁচিয়ে গেলে শিশুসহ তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক তন্ময় বাড়ৈ জানান, সড়কে পড়ে শিশুটির মাথায় আঘাত লাগে। এতে তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat