পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া-মালশিরা উচ্চবিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল চৌবাড়িয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য দেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আতাউর রহমান, শিক্ষার্থী অভিভাবক রফিকুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক কফিল উদ্দিন, সহকারী শিক্ষক মিজানুর রহমান নান্টু ও মোস্তাফিজুর রহমান এবং শিক্ষার্থী রিতু আক্তার ও সোনিয়া আক্তার নদী।
বক্তারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাতে বিদ্যালয় ছুটির সুযোগে হোসেনপুর গ্রামের হোসেন আলী ও তাঁর লোকজন বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে সম্পত্তি দখলের চেষ্টা করেন। পরে সেখানে ঘর নির্মাণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।
বক্তারা বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত চৌবাড়িয়া-মালশিরা উচ্চবিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়ের খতিয়ানভুক্ত জমি দখলের চেষ্টা এর আগেও করা হয়েছিল। এ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। মামলাটি নিষ্পত্তি হওয়ার আগেই বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।
বক্তারা আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধের জেরে এর আগেও প্রতিষ্ঠানটির শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড করা হয়েছে। তাঁরা দ্রুত বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা এবং দখলের চেষ্টা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।
মানববন্ধন শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌবাড়িয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat